logo

নতুন কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

ইন্ডিয়ান এক্সপ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস
নতুন কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতার অভিজিৎ দীপকে। ছবি: হিন্দুস্তান টাইমস

নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভের দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের বারবার আহ্বান ও আটক-মুক্তির নাটকীয়তার পরও রাজপথ থেকে সরছেন না তরুণ আন্দোলনকারীরা। সিজেপির শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচির ঘোষণার পর নিজেও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দীপকে বলেন, জাতীয় পতাকা ওড়ানোর কারণে অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে কারাগারে পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সবাইকে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।

দীপকে বলেন, তারা জাতীয় পতাকা ওড়াবেন এবং জানিয়ে দেবেন, পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে তিরঙ্গা মার্চ আয়োজনেরও আহ্বান জানান তিনি। তার ভাষ্য, জাতীয় পতাকা তাদের গর্ব এবং এ গর্ব প্রকাশ করা অপরাধ হতে পারে না।

এই কর্মসূচির পর নিজেও গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে পারেন উল্লেখ করে দীপকে বলেন, এতে তিনি পিছিয়ে যাবেন না। জাতীয় পতাকা তার গর্ব এবং তিনি কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।

এদিকে পুলিশ জানিয়েছে, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমাবেশ আয়োজনের জন্য উদ্যোক্তারা অনুমতি চাননি। সেখানে সমাবেশের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। পাশাপাশি, ১৬৩ ধারায় নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর থাকায় তিরঙ্গা মার্চের অনুমতি পাওয়ার সম্ভাবনা কম বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ১৪ জনের একটি দল জনতা দল (ইউনাইটেড)-এর কার্যালয়ের পেছনের সরু গলি দিয়ে জন্তর মন্তরের প্রতিবাদস্থলে প্রবেশ করে। ওই দলের সদস্যদের মধ্যে ছিলেন অশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ডে। অভিযোগ, তারা তালাবদ্ধ লোহার ফটক টপকে ভেতরে ঢুকে জাতীয় পতাকা ওড়ান এবং স্লোগান দেন। পরে পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় রাঙ্কা ও দাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। বাকি ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মামলা করা হয়েছে কনট প্লেস থানায়। এতে সরকারি কর্মচারীর জারি করা আদেশ অমান্য, অনধিকার প্রবেশ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অপর মামলাটি করা হয়েছে পার্লামেন্ট স্ট্রিট থানায়।

বুধবার গ্রেপ্তার হওয়া রাঙ্কা ও দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার কারাগারে পাঠানো হয়েছে। ফলে শুক্রবারের তিরঙ্গা মার্চে তাদের অংশ নেওয়ার সম্ভাবনা কম।