জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে সবুজ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো নিয়ে আলোচনা

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার (১০ নভেম্বর)। এদিনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতায়ন, বিদ্যুৎ গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থা।
সম্মেলনের সূচি অনুযায়ী, দিনব্যাপী প্রায় ৩৭০টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জ্বালানি ও পরিবহনবিষয়ক প্রায় ১৪০টি অধিবেশন নির্ধারিত রয়েছে।
সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠকের স্থান ব্লু জোনে আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যে সবুজ জ্বালানি অংশীদারত্ব নিয়ে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি সবুজ জ্বালানির নিরাপত্তা এবং ইউক্রেনের জ্বালানি খাতের রূপান্তর নিয়ে প্যানেল আলোচনা হবে।
এ ছাড়া ভূরাজনৈতিক ঝুঁকির মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি খাতের রূপান্তরে অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে।
অন্যদিকে, সোমবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা গ্রিন জোনে টেকসই যাতায়াত ব্যবস্থা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে।
এসব অধিবেশনের মধ্যে রয়েছে তুরস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগ আয়োজিত ‘রিডিফাইনিং সাসটেইনেবল মোবিলিটি’ শীর্ষক আলোচনা।
এ ছাড়া টেকসই বিমান জ্বালানি, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি এবং টেকসই পরিবহন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
গত ৯ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় চলবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু অভিযোজন এবং জলবায়ু অর্থায়নের বিষয়ে আন্তর্জাতিক আলোচনা এগিয়ে নেওয়াই কপ-৩১-এর মূল লক্ষ্য।


