প্রেমের সম্পর্কের জেরে প্রেমিক ও বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার

প্রেমের সম্পর্কের কারণে এক যুবককে তার বাবাসহ বাড়িতে ডেকে এনে বেধড়ক মারধর, প্রাণনাশের হুমকি এবং নগ্ন করে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর গুরুতর অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ভারতের কলকাতার বেহালার সরশুনা এলাকায় ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম এই সময়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই ওই যুবকের সঙ্গে এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু মেয়েটির পরিবার এ সম্পর্ক মেনে নিতে পারেনি। রোববার (২৫ অক্টোবর) রাতে দুজনকে একসঙ্গে রাস্তায় দেখতে পেয়ে প্রথমে তর্কে জড়ায় মেয়ের পরিবার। এরপর সোমবার সকালে ওই যুবক ও তার বাবাকে আলোচনার কথা বলে করে মেয়ের বাড়িতে ডেকে আনা হয়।
অভিযোগ উঠেছে, বাড়িতে ডেকে প্রথমে দুজনকে বেধড়ক মারধর ও খুনের হুমকি দেওয়া হয়। এরপর বাবা ও ছেলেকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বলেও জানা যায়।
পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
