
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নাজা’ (NAZA) নামক একটি প্রামাণ্যচিত্রে অংশ নেওয়া ইসরায়েলি সেনা সদস্যদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি তদন্ত ও বিচারের নির্দেশ দিয়েছেন। ওই প্রামাণ্যচিত্রে ইসরায়েলি সেনারা গাজায় বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার গণহত্যা চালানোর বর্ণনা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এই প্রামাণ্যচিত্রটিকে ‘ইসরায়েল রাষ্ট্র ও দেশের সামরিক বাহিনীকে হেয় প্রতিপন্ন করার একটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং পক্ষপাতদুষ্ট ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন। তার মতে, এটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী সামরিক প্রধান, শিন বেত (Shin Bet) নিরাপত্তা সংস্থা এবং অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন অবিলম্বে এই প্রামাণ্যচিত্রে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে একটি ব্যাপক তদন্ত শুরু করেন এবং তথ্য নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন, ফৌজদারি মানহানি এবং ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা স্বার্থে আঘাত হানার অভিযোগে তাদের বিচারের মুখোমুখি করেন।
হিব্রু ভাষার ‘কোলাটারাল ড্যামেজ’ বা ‘পার্শ্বীয় ক্ষতি’ শব্দের সংক্ষিপ্ত রূপ থেকে ‘নাজা’ (NAZA) নামের এই প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে যে, ইসরায়েল সন্দেহভাজন যোদ্ধাদের চিহ্নিত করে হত্যা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিতসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করেছে এবং এমন সব বিমান ও সামরিক হামলা চালিয়েছে, যার মাধ্যমে তারা আগেই জানত যে প্রচুরসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হবে।
