নাফ নদের পাড়ে থমকে যাওয়া জীবন: টেকনাফের আর্থ-সামাজিক বাস্তবতা

বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ—একদিকে নাফ নদ, অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। ভূ-রাজনৈতিক গুরুত্ব, আন্তর্জাতিক সীমান্ত, সামুদ্রিক সম্পদ ও পর্যটনের অপার সম্ভাবনা—সব মিলিয়ে টেকনাফ একটি সম্ভাবনাময় অঞ্চল হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনৈতিকভাবে আলোচিত হলেও আর্থ-সামাজিক উন্নয়নের সূচকে এই জনপদ এখনো অনেক পিছিয়ে। সীমান্ত অস্থিরতা, রোহিঙ্গা সংকট, নিরাপত্তাহীনতা ও দীর্ঘমেয়াদি অব্যবস্থাপনার কারণে টেকনাফের সাধারণ মানুষ আজ এক অনিশ্চিত জীবনের ভার বয়ে বেড়াচ্ছে।
সবচেয়ে করুণ অবস্থায় আছে নাফ নদের তীরবর্তী জেলে সম্প্রদায়। একসময় যাদের জীবন-জীবিকা আবর্তিত হতো নদী ও সাগরকেন্দ্রিক মৎস্য আহরণে, তারা আজ প্রায় কর্মহীন। দীর্ঘ প্রায় নয় বছর ধরে নাফ নদে মাছ ধরায় কার্যত নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা জেলেদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সীমান্ত উত্তেজনা, মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাত এবং নিরাপত্তা উদ্বেগের কারণে জেলেরা নদীতে নামতে পারে না। অথচ এই নদীই ছিল তাদের একমাত্র অবলম্বন। ফলে অনেকে পেশা বদল করতে বাধ্য হয়েছেন, কেউ দিনমজুর, কেউবা ঋণের বোঝায় জর্জরিত।
রাখাইনের অস্থিতিশীলতা কেবল ওপারের মানুষের সংকট নয়; এর সরাসরি প্রভাব পড়ছে এপারের জনজীবনে। সীমান্তে গুলির শব্দ, অনুপ্রবেশের আতঙ্ক, মাদক ও অস্ত্র চোরাচালানের বিস্তার—সব মিলিয়ে টেকনাফ এখন নিরাপত্তা সংকটের এক জটিল ভূখণ্ড। পাহাড়ঘেঁষা গ্রামগুলোতে প্রায়ই অপহরণের ঘটনা ঘটে। স্থানীয় মানুষ আতঙ্কে দিন কাটায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা উদ্যোগের কথা শোনা গেলেও সাধারণ মানুষ এখনও নিরাপদ বোধ করে না।
টেকনাফের অর্থনীতির আরেকটি বড় ধাক্কা এসেছে স্থলবন্দর ও সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায়। একসময় টেকনাফ স্থলবন্দর ছিল সীমান্তভিত্তিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মিয়ানমারের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি স্থানীয় অর্থনীতিকে সচল রাখত। কিন্তু দীর্ঘদিন ধরে এই কার্যক্রম স্থবির। ফলে ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন খাত—সবখানেই নেমে এসেছে মন্দা। রাজনৈতিক নেতৃত্ব এ সংকট উত্তরণে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নিতে পারেনি বলেই মানুষের হতাশা বাড়ছে।
অন্যদিকে, রোহিঙ্গা সংকট টেকনাফের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি করেছে। মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হলেও বাস্তবতা হলো—স্থানীয় জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশগত নানা সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে। বনভূমি উজাড়, শ্রমবাজারে প্রতিযোগিতা এবং দ্রব্যমূল্যের চাপ স্থানীয় মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। অথচ আন্তর্জাতিক আলোচনায় স্থানীয় জনগোষ্ঠীর দুর্ভোগ খুব কমই গুরুত্ব পায়।
টেকনাফের পর্যটন খাতও সম্ভাবনার তুলনায় অনেক পিছিয়ে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের অংশবিশেষ, প্রবালদ্বীপ সেন্টমার্টিন, পাহাড়-সমুদ্রের অপরূপ মেলবন্ধন—সবই এখানে আছে। কিন্তু নিরাপত্তাহীনতা, অবকাঠামোগত দুর্বলতা এবং পরিকল্পনার অভাবে পর্যটনশিল্প কাঙ্ক্ষিত বিকাশ পায়নি। মৌসুমি পর্যটনের বাইরে বছরজুড়ে টেকসই পর্যটন অর্থনীতি গড়ে তোলার উদ্যোগও চোখে পড়ে না।
এ অঞ্চলের সমুদ্র অর্থনীতির সম্ভাবনাও আজও অপূর্ণ। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তির পর নীল অর্থনীতি নিয়ে জাতীয় পর্যায়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু টেকনাফের উপকূলীয় জনগোষ্ঠী এখনো সেই সম্ভাবনার বাস্তব সুফল পায়নি। আধুনিক মৎস্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক সম্পদ আহরণ, জাহাজভিত্তিক অর্থনীতি কিংবা উপকূলীয় শিল্পায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।
লবণশিল্প ও পানের বরজ—এই দুই খাত টেকনাফের ঐতিহ্যবাহী অর্থনীতির অংশ। কিন্তু উৎপাদন খরচ বাড়লেও কৃষক ও শ্রমিক ন্যায্যমূল্য পান না। মধ্যস্বত্বভোগী ও বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে লাভের বড় অংশ চলে যায় অন্যের হাতে। আবার প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতার অভাবে এখানকার পান জাতীয় ও আন্তর্জাতিক বাজারে যথাযথ ব্র্যান্ডিং পায়নি।
সব মিলিয়ে টেকনাফ আজ এক বৈপরীত্যের জনপদ—প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু উন্নয়নে পিছিয়ে; কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু নীতিনির্ধারণে উপেক্ষিত। এ অঞ্চলের মানুষের প্রয়োজন কেবল সহানুভূতি নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জেলে সম্প্রদায়ের বিকল্প কর্মসংস্থান, সীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবন, পর্যটনে বিনিয়োগ, নীল অর্থনীতির বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করলে টেকনাফের সংকট আরও গভীর হবে।
নাফ নদের পাড়ের মানুষ এখনো অপেক্ষায়—কবে তাদের জীবনে ফিরবে স্বস্তি, কবে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।
লেখক: মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ।
.png)

