পোশাকশিল্পে শ্রমিক আন্দোলন: দাবির বাস্তবতা, শিল্পের সক্ষমতা এবং আমাদের ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি আমাদের তৈরি পোশাক শিল্প। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই শিল্পের অবদান অনস্বীকার্য। অথচ সাম্প্রতিক সময়ে এই শিল্পকে ঘিরে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ এবং বিভিন্ন আন্দোলনের খবর আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে।
প্রশ্ন হচ্ছে, কেন বারবার শ্রমিক আন্দোলন হচ্ছে? শ্রমিকদের দাবি কতটা যৌক্তিক? শিল্পের বর্তমান বাস্তবতা কী? আর আমরা কি কখনো ভেবে দেখছি, আন্তর্জাতিক প্রতিযোগিতার এই কঠিন সময়ে আমাদের এমন অস্থিরতার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে?
আমি প্রায় ১৮ বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িত। চট্টগ্রামের ইয়ংওয়ান, কুমিল্লা ইপিজেড, চট্টগ্রামের মইজ্জ্যারটেকসহ কয়েকটি কারখানায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পরবর্তী সময়ে গত ১৩-১৪ বছর ধরে বায়িং হাউজে দায়িত্ব পালন করছি। ফলে কারখানার উৎপাদনব্যবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রেতা, মূল্য নির্ধারণ, অর্ডার সংগ্রহ, সরবরাহ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রতিযোগিতা-বিভিন্ন পর্যায়ের বাস্তবতা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।
আমাদের কোম্পানি এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক ক্রয় করছে। এই পরিমাণ ব্যবসা ধরে রাখা বা আরও বৃদ্ধি করা মোটেও সহজ কাজ নয়। প্রতিনিয়ত চীন, মিয়ানমার ও ভারতের মতো উৎপাদনকারী দেশের সঙ্গে মূল্য প্রতিযোগিতা করতে হচ্ছে। কখনো উৎপাদন খরচ, কখনো লিড টাইম, কখনো পণ্যের গুণগত মান, আবার কখনো রাজনৈতিক ও ব্যবসায়িক স্থিতিশীলতা-সবকিছু বিবেচনায় নিয়েই ক্রেতারা তাদের অর্ডারের গন্তব্য নির্ধারণ করেন।
আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী এখন শুধু অন্য দেশের কারখানা নয়, আমাদের নিজেদের অস্থিরতাও।
একটি শিল্প হারানোর অভিজ্ঞতা
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে আউটারওয়্যার ব্যবসার বেশ ভালো সময় ছিল। এই ব্যবসার সম্পূর্ণ দায়িত্বে থাকার কারণে এর সম্ভাবনা ও বিকাশ আমি খুব কাছ থেকে দেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত চার-পাঁচ বছরে আমাদের সংশ্লিষ্ট ব্যবসায় বাংলাদেশে একটি আউটারওয়্যার অর্ডারও আসেনি। ব্যবসার বড় একটি অংশ মিয়ানমারে চলে গেছে।
এর সঙ্গে পরিবর্তিত হয়েছে অনেক ব্যবসায়িক সম্পর্ক। আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করতেন, তাদের কেউ পণ্যের ধরন পরিবর্তন করেছেন, আবার কারও সঙ্গে ব্যবসায়িক সম্পর্কই বন্ধ হয়ে গেছে।
এটি শুধু একটি পণ্যের অর্ডার হারানোর ঘটনা নয়; এর সঙ্গে হারিয়েছে কর্মসংস্থানের সুযোগ, উৎপাদন সক্ষমতার ব্যবহার, সরবরাহকারীদের ব্যবসা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা।
একবার কোনো ক্রেতা বা ব্যবসা অন্য দেশে চলে গেলে তা আবার ফিরিয়ে আনা কতটা কঠিন, যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তারা ভালো করেই জানেন।
শ্রমিকদের আয় ও বাস্তবতা
আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটি বিষয় বলতে চাই-দক্ষতা অর্জন করতে পারলে পোশাকশিল্পে একজন শ্রমিকের ভালো আয়ের সুযোগ রয়েছে। এমন অনেক দক্ষ টেকনিশিয়ান আছেন, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি এগিয়ে না থাকলেও নিজেদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও পারদর্শিতার কারণে মাসে এক লাখ টাকারও বেশি আয় করছেন।
প্রচলিত ন্যূনতম মজুরি কাঠামোয় ১২,৫০০ টাকা একজন নতুন হেলপার বা এন্ট্রি-লেভেলের কর্মীর জন্য নির্ধারিত ছিল। যিনি নতুন যোগদান করেছেন, কাজ শিখছেন, পোশাক আনা-নেওয়া, মার্কিং বা কাউন্টিংয়ের মতো প্রাথমিক দায়িত্ব পালন করছেন। ওভারটাইমসহ অনেক ক্ষেত্রে তাদের মাসিক আয় ১৮-২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
অন্যদিকে একজন দক্ষ সুইং অপারেটর সাধারণত ২৫-৩০ হাজার টাকা বা তারও বেশি আয় করতে পারেন। দক্ষতা, অভিজ্ঞতা, উৎপাদনক্ষমতা ও প্রতিষ্ঠানের বেতন কাঠামোর ওপর ভিত্তি করে এই আয় আরও বাড়তে পারে।
অর্থাৎ এই শিল্পে দক্ষতার মূল্য রয়েছে এবং দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের সুযোগও বাড়ে।
তবে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন-শ্রমিকের ন্যায্য মজুরি, সময়মতো বেতন, নিরাপদ কর্মপরিবেশ, আইনসম্মত ওভারটাইম এবং অন্যান্য শ্রম অধিকার নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। শ্রমিকের ন্যায্য দাবি কখনোই উপেক্ষা করা উচিত নয়।
কিন্তু একই সঙ্গে এটিও বুঝতে হবে, কোনো দাবি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি।
২০২৬: চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ
চলতি বছর বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বেশ কিছু প্রতিকূলতা নিয়ে এসেছে। একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে যখন শিল্পটি স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই নতুন করে শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের খবর উদ্বেগ বাড়াচ্ছে।
কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরতে চাই
১. চট্টগ্রামে অতিবৃষ্টি ও বন্যা: জুলাইয়ের শুরুতে টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কারখানার কার্যক্রম ব্যাহত হয়েছে। উৎপাদন বন্ধ, কাঁচামাল সরবরাহে সমস্যা এবং নির্ধারিত সময়ে শিপমেন্ট সম্পন্ন করতে বিলম্ব হয়েছে।
২. গ্যাস সংকট: ২১ জুলাই থেকে গাজীপুরে গ্যাস সরবরাহের সমস্যা শুরু হয়। পরবর্তী সময়ে ১১ আগস্ট থেকে নারায়ণগঞ্জসহ অন্যান্য শিল্পাঞ্চলেও এর প্রভাব পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হতে হতে প্রায় সেপ্টেম্বর চলে আসে। এখনো অনেক ক্ষেত্রে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্যাস সংকট মানে শুধু উৎপাদন ব্যাহত হওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ডাইং, ওয়াশিং, ফিনিশিং এবং পুরো সাপ্লাই চেইনের সময়সূচি।
৩. চীনে টাইফুনের প্রভাব: জুলাই মাসে চীনে টাইফুনের কারণে কাপড় আমদানি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এর প্রভাব পড়ে বাংলাদেশের কারখানার উৎপাদন পরিকল্পনা এবং শিপমেন্টের ওপর।
৪. দীর্ঘ সরকারি ছুটি: কয়েক দফায় পাঁচ দিনের টানা ছুটি এবং পূর্বনির্ধারিত উৎপাদন ক্যালেন্ডারের বাইরে ছুটির কারণে অনেক প্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা ও শিপমেন্ট সূচি নতুন করে সাজাতে হয়েছে।
এতসব প্রতিকূলতা মোকাবিলা করে যখন কারখানাগুলো অর্ডার সম্পন্ন করার চেষ্টা করছে, তখন আবার বিভিন্ন কারখানা বন্ধের খবর পাওয়া যাচ্ছে।
একটি অর্ডারের পেছনে কত মানুষের পরিশ্রম
আমরা অনেক সময় ভুলে যাই, একটি পোশাকের অর্ডার শুধু একটি কারখানার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে সুতা, কাপড়, ডাইং, প্রিন্টিং, এমব্রয়ডারি, এক্সেসরিজ, প্যাকেজিং, পরিবহন, বন্দর, ব্যাংকিংসহ অসংখ্য প্রতিষ্ঠানের ব্যবসা ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান।
একজন ক্রেতা অর্ডার দেন তার দেশের স্টোরে পণ্য বিক্রির জন্য। সেই অর্ডার নির্ধারিত সময়ে এবং নির্ধারিত মূল্যে সরবরাহ করতে না পারলে শুধু একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয় না; ক্ষতিগ্রস্ত হয় পুরো সরবরাহব্যবস্থা। আর ক্রেতার কাছে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে।
আন্তর্জাতিক ক্রেতারা কোনো দেশের প্রতি আবেগ দিয়ে ব্যবসা পরিচালনা করেন না। তারা বিবেচনা করেন মূল্য, গুণগত মান, সময়মতো ডেলিভারি, উৎপাদন সক্ষমতা এবং ব্যবসায়িক স্থিতিশীলতা। বাংলাদেশে এসব ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলে বিকল্প দেশ খুঁজে নিতে তাদের খুব বেশি সময় লাগে না।
তাহলে সমাধান কোথায়
আমি মনে করি, শ্রমিক আন্দোলনকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে চলবে না। শ্রমিকদের অসন্তোষের পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। বেতন-ভাতা, জীবনযাত্রার ব্যয়, কর্মপরিবেশ, ব্যবস্থাপনার আচরণ, বেতন পরিশোধে বিলম্ব কিংবা অন্য কোনো অসংগতি থাকলে তা দ্রুত সমাধান করতে হবে।
একই সঙ্গে শ্রমিকদেরও বুঝতে হবে, শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কারও জন্যই কল্যাণকর হবে!
শিল্প বাঁচলে কর্মসংস্থান বাঁচবে
আমি কোনো পক্ষের অন্ধ সমর্থক নই। দীর্ঘদিন এই শিল্পে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, শ্রমিকের ভালো থাকা, মালিকের ব্যবসায়িক সক্ষমতা এবং ক্রেতার আস্থা-এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক।
শ্রমিক ভালো না থাকলে উৎপাদন ভালো হবে না। কারখানা ব্যবসায়িকভাবে টিকে থাকতে না পারলে শ্রমিকের কর্মসংস্থানও নিরাপদ থাকবে না। আর বাংলাদেশ ক্রেতার আস্থা হারালে নতুন অর্ডার ও বিনিয়োগ অন্য দেশে চলে যাবে।
আমরা ইতোমধ্যে আউটারওয়্যার ব্যবসার মতো কিছু বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছি, একবার ব্যবসা অন্য দেশে চলে গেলে তা ফিরিয়ে আনা কতটা কঠিন।
তাই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক, মালিকের ব্যবসায়িক সক্ষমতা সুরক্ষিত থাকুক এবং বাংলাদেশ তার আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখুক।
মনে রাখতে হবে, একটি কারখানা বন্ধ হওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানের দরজা বন্ধ হওয়া নয়; এর সঙ্গে অসংখ্য পরিবারের জীবিকা, একটি সরবরাহব্যবস্থা এবং দেশের অর্থনীতির একটি অংশ থমকে যাওয়া।
আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত-শ্রমিকের সম্মান, মালিকের সক্ষমতা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি।
বাংলাদেশের পোশাক শিল্প বাঁচুক, শ্রমিক বাঁচুক, কর্মসংস্থান বাড়ুক এবং অর্থনীতির চাকা সচল থাকুক।
লেখক: আকবর হোসেন মজুমদার, মার্চেনডাইজিং ম্যানেজার, বায়িং হাউজ।



