‘ঐক্যের আলাপ পজিটিভ, কিন্তু সরকারের ৮ মাসের ইতিহাস বিশ্বাসযোগ্যতার নয়’

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, সংকট উত্তরণে জাতীয় ঐক্যের আলাপ নিঃসন্দেহে পজিটিভ ও সময়োপযোগী। কিন্তু বিগত ৮ মাসে সরকারের কর্মকাণ্ডের যে ইতিহাস, তা মোটেও জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার নয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে ‘চলমান রাজনৈতিক সংকট এবং জননিরাপত্তা: সরকারের দায় ও আজকের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত কাইয়ূম বলেন, দেশে জননিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান রাজনৈতিক সংকট নিরসন করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়িমসির কারণে আজ সাধারণ মানুষের জানমাল অনিরাপদ হয়ে পড়েছে।
সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া বলেন, হাসিনা যদি ফিরতে চান, সরকারের বলা উচিত আলহামদুলিল্লাহ। হাসিনা যদি বলেন, একটা প্লেন পাঠানোর জন্য, সরকারের উচিত বলা ১০০ প্লেন পাঠাব। আপনার সব সাঙ্গপাঙ্গসহ আপনাকে এনে আপনাদের অপরাধের বিচার সম্পন্ন করব।
দলের নির্বাহী কমিটির সদস্য লামিয়া ইসলাম বলেন, আজকে গোপালগঞ্জের সব নাগরিক সুবিধা স্থগিত করা হয়েছে। এভাবে একটি জেলার সব নাগরিককে অপরাধী করা, আলাদা করে দেওয়া, নাগরিক সুবিধা বঞ্চিত করার অধিকার সরকারের নাই।
সভায় বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকারকে দৃশ্যমান ও সঠিক ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য অলিউল হক ওলি, লামিয়া ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা রহমান, আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ রানা প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন দলের সদস্য রোকন রকি।


