দ্য অস্ট্রেলিয়ানের মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এটি কাকতালীয় নয়। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা এটি।
তিনি বলেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। এ দাবি সম্পূর্ণ অসত্য। প্রকাশের আগে তার কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বা সফরসঙ্গী কারও সঙ্গেই যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ লেখা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের অবস্থান। একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যমূলক বিকৃতি। ডা. শফিকুর রহমান জাতি-ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যে কোনো হামলার বিরোধী।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি। তার অ্যাকাউন্ট হ্যাক করে এটি প্রকাশ করা হয়েছিল। এর প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয় এবং এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। অথচ এসব তথ্য সম্পূর্ণ উপেক্ষা করে প্রতিবেদনে তাকে নারীবিদ্বেষী হিসেবে চিত্রিত করা হয়েছে।
তিনি বলেন, পতিত সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও সে প্রশ্ন উঠে এসেছে। সেই বিচারের রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে দেখিয়ে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, পুরো প্রতিবেদন দাঁড়িয়ে আছে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর। জানা যায়, তিনি শেখ মুজিব ও তার পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। পাঠকদের কাছে তার এই রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে। যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের ‘উগ্রবাদী’ বলে চরিত্রহনন পতিত স্বৈরাচারের পুরোনো বয়ান।
ডা. শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) একটি আনুষ্ঠানিক Concerns Notice পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারায় নোটিশটি প্রকাশক Nationwide News Pty Ltd-কে পাঠানো হয়। এতে সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু সে স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। আমরা দাবি জানাচ্ছি, ‘দ্য অস্ট্রেলিয়ান’ অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করুক, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ করুক এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব।


