অন্যান্য পেশার চেয়ে এখানে রাজনীতিটা লাভজনক: হাসনাত কাইয়ূম

এশিয়া পোস্ট প্রতিবেদক
অন্যান্য পেশার চেয়ে এখানে রাজনীতিটা লাভজনক: হাসনাত কাইয়ূম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। ছবি: সংগৃহীত

অন্যান্য পেশার চেয়ে বাংলাদেশে রাজনীতিটা অধিক লাভজনক বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো রাজনীতি বলতে শুধু রাষ্ট্রক্ষমতা দখল করা এবং সেখান থেকে টাকাপয়সা ও প্রভাব-প্রতিপত্তি বাড়ানোই বোঝে।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি।

হাসনাত কাইয়ূম বলেন, তারা মনে করেন ক্ষমতায় থাকাকালীন যে অর্থ উপার্জিত হবে, তা দিয়ে ভবিষ্যতে আবারও ক্ষমতায় আসা যাবে। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে এ দেশে এসে দেখেছিল, খাজনা আদায় করাই সবচেয়ে ভালো ব্যবসা। আমাদের রাজনীতিবিদরা ব্রিটিশদের কাছ থেকেই এই ধারাটি শিখেছেন এবং রাজনীতিকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করেছেন।

ক্ষমতার জন্য রাজনীতি করা দোষের কিছু নয় জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, কিন্তু আমাদের দেশের দলগুলো ক্ষমতার জন্য আদর্শ থেকে শুরু করে সবকিছু বিসর্জন দিতে পারে। আমরাও ক্ষমতার রাজনীতি করি, তবে আমাদের লক্ষ্য হলো স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। এ দেশের মানুষ স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, তাই তাদের অধিকারও বেশি। আমরা মানুষের জন্য ক্ষমতা চাই, আর অন্য দলগুলো চায় ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির জন্য।

রাজনীতিকে যদি কেউ সার্ভিস বা সেবার মাধ্যম হিসেবে না দেখে শুধু ব্যক্তিগত লাভের ব্যবসা মনে করে, তবে সেই লাভের জন্য সে মানুষকে খুন করতেও দ্বিধা করবে না বলে মন্তব্য করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি।

হাসনাত কাইয়ূমের মতে, দেশে পরিবারতন্ত্র এবং ব্যক্তিতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে লাঠিয়াল বাহিনী বা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চালানো হচ্ছে। এই ধরনের প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ের কারণেই রাজনীতিতে সহিংসতা এবং ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে।