logo

দুই রাজনৈতিক দল ভাগাভাগির রাজনীতে ব্যস্ত: ফাহিম ফারুকী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দুই রাজনৈতিক দল ভাগাভাগির রাজনীতে ব্যস্ত: ফাহিম ফারুকী
মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। ছবি : ফেসবুক থেকে পাওয়া

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। তার দাবি, দুই রাজনৈতিক দল নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেশ পরিচালনার রাজনীতিতে ব্যস্ত। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে জনবিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ফাহিম ফারুকী।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হলো নিরাপত্তা পরিস্থিতি। খুন, শিশু নির্যাতন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

ফাহিম ফারুকী বলেন, জনগণের মৌলিক সমস্যা ও নিরাপত্তার প্রশ্নে বিরোধী দলের ভূমিকা সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। জনগণের কথা বলার মতো কার্যকর কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার মতো শক্তিশালী কণ্ঠস্বর নেই।

তিনি আরও বলেন, মনে হচ্ছে, দুই রাজনৈতিক দল নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেশ পরিচালনার রাজনীতিতেই ব্যস্ত। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জনবিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারে।

সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে পুলিশ অতি উৎসাহী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে বিরোধী দলের নীরবতা জনগণের সামনে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলছে।

ফাহিম ফারুকী বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি প্রয়োজন এবং সেই শক্তি তৈরি হচ্ছে। জনগণের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের প্রশ্নে একটি দায়িত্বশীল ও কার্যকর রাজনৈতিক শক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।