logo

আইনশৃঙ্খলার অবনতিতে দেশে হত্যাকাণ্ড ঘটছে: জামায়াত

আইনশৃঙ্খলার অবনতিতে দেশে হত্যাকাণ্ড ঘটছে: জামায়াত
বাংলাদেশ জামায়াত ইসলামীর লোগো। গ্রাফিকস: এশিয়া পোস্ট

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশে প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক বিবৃতিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে জুবায়ের বলেন, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে। নিহত আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে এমন হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে। এতে নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানান এহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে তিনি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।