২০ ব্যক্তি ও সংগঠনকে অ্যাওয়ার্ড দেবে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ২০ ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হবে। আগামী ৫ ডিসেম্বর ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি। এ জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে।
সমাজ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখা ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপির এই অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক জোবাইরুল হাসান আরিফ। তিনি জানান, দুটি ক্যাটাগরিতে মোট ২০টি সম্মাননা দেওয়া হবে।
এর মধ্যে ব্যক্তিগত পর্যায়ে মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জনকে ‘সেরা স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হবে। অন্যদিকে, সমাজকল্যাণে ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন পাবে ‘সেরা স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাওয়ার্ড ২০২৬’।
আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের সভাপতি মাহিন সরকার বলেন, আমাদের শ্লোগান হলো ‘সেবা, সাম্য, মুক্তি’। আমরা বিশ্বাস করি, স্বেচ্ছাসেবা কেবল একটি কাজ নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, যারা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে দাঁড়ান এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিজেদের সময়, শ্রম ও সামর্থ্য উৎসর্গ করেন, তাদের প্রতিটি অবদান সম্মানের যোগ্য।
মনোনয়ন ও অংশগ্রহণের নিয়ম
অ্যাওয়ার্ডের জন্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন উভয় বিভাগেই মনোনয়ন দেওয়া যাবে। এ ক্ষেত্রে নিজের পাশাপাশি অন্য কোনো যোগ্য ব্যক্তি বা সংগঠনকেও মনোনীত করার সুযোগ রয়েছে।
মনোনয়নের সঙ্গে স্বেচ্ছাসেবামূলক কাজের বিবরণ, অর্জন, কার্যক্রমের ছবি বা ভিডিও এবং সংশ্লিষ্ট প্রমাণ জমা দিতে হবে। একই সঙ্গে মনোনীত ব্যক্তি বা সংগঠনের নাম, পরিচয় ও যোগাযোগের তথ্য নির্ভুলভাবে দিতে হবে।
জমা দেওয়া তথ্য ও কার্যক্রমের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে সম্মাননা প্রাপক নির্বাচন করা হবে।
মনোনয়ন ফরমের লিংকে আবেদন করতে হবে। মনোনয়ন জমার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।
জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির প্রধান সংগঠক মহিউদ্দিন রনি আগ্রহী ব্যক্তি ও সংগঠনকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে মনোনয়ন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

