logo
Advertisement

সংসদে বিরোধীদলীয় নেতাদের কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম

এশিয়া পোস্ট নিউজ
সংসদে বিরোধীদলীয় নেতাদের কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম
বৃহস্পতিবার সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্ন করায় সংসদে বিরোধীদলীয় নেতাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কটূক্তি করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, অধিবেশন শুরুর পর থেকে কিছু ঘটনা সংসদে ঘটেছে। একপর্যায়ে প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করে সংসদ অধিবেশন থেকে বের হয়ে এসেছি। প্রশ্নোত্তর পর্বে আমাদের বিরোধীদলীয় সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এবং শফিকুল ইসলাম মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বিগত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী তথ্য দিয়ে বিগত ছয় মাসের আইনশৃঙ্খলার সঙ্গে আগের ছয় মাসের পরিস্থিতির তুলনামূলক আলোচনা করে প্রশ্ন করা হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছে নাকি পারেনি এবং ব্যর্থতার দায় তিনি স্বীকার করেন কি না। এ প্রশ্ন করার কারণে বিরোধীদলীয় নেতাদের কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর কথার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং শব্দটি এক্সপাঞ্জ করার কথা বলেছে।

স্পিকারও পক্ষপাতিত্ব করেছেন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের সঙ্গে বৈষম্য করেছেন স্পিকার। বিরোধীদল অসহিষ্ণু এরকম ইঙ্গিতও স্পিকার দেওয়ার চেষ্টা করেছেন।

নিরাপত্তার শঙ্কা এবং আইনশৃঙ্খলার অবনতির বিষয়টি শুধু বিরোধী দলের কথা নয়, এটা পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটা, বলছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দলের নেতাসহ জনগণ ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছে। বিভিন্ন জায়গায় খুন-খারাপি, ধর্ষণ হচ্ছে। মানুষের স্বাভাবিক নিরাপত্তা নেই। মানুষ অনিরাপত্তায় ভুগছে।

বিএনপি বিরোধী দল থাকার সময় যে আচরণ করেছিল, এই বিরোধী দল তার কিছুই করেনি বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বিগত ছয় মাস আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি এবং করে এসেছি। কিন্তু জনদুর্ভোগের কথা আমাদের বলতেই হয়।

তিনি বলেন, সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল, গুম প্রতিরোধ এবং প্রতিকার বিলসহ আরেকটি বিল উত্থাপনের জন্য আনা হয়েছিল, বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা সেখানে বক্তব্য রেখে বলেছেন, গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য যে অধ্যাদেশগুলো ছিল, এর অন্যতম ছিল মানবাধিকার কমিশন এবং গুম। ফলে সেগুলো যে তারা বিচ্ছিন্নভাবে আনছে, সেটার পক্ষে আমরা নই। সেগুলো যখন ল্যাপ্স করা হয়েছিল, তখনই আমরা প্রতিবাদ করেছিলাম। সেসময় বিশেষ কমিটিতে বলা হয়েছিল, আলোচনা করতে দেওয়া হবে। তখনও সেগুলো আলোচনা করতে দেওয়া হয়নি। এখন সেগুলো বিচ্ছিন্নভাবে এনে পাস করিয়ে নিয়ে যাচ্ছে।

তার দাবি, তারা সংসদীয় স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছেন। সংসদীয় স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছেন।

অবিলম্বে সংসদীয় সংস্কার পরিষদ গঠন করার দাবি জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এর মাধ্যমে গণরায় এবং গুরুত্বপূর্ণ যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আইনে পরিণত করতে হবে।