Advertisement

চলছে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, বৃষ্টিকে উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

এশিয়া পোস্ট নিউজ
চলছে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, বৃষ্টিকে উপেক্ষা করে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
সমাবেশের মঞ্চে বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশের শুরুতে বৃষ্টি নামলেও তা নেতাকর্মীদের উদ্দীপনায় কোনো বাধা তৈরি করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নির্ধারিত স্থান ও এর আশপাশের রাজপথে অবস্থান নেন। মাথায় ব্যানার, প্লাকার্ড আর হাতে দলীয় পতাকা নিয়ে বৃষ্টির মধ্যেই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বায়তুল মোকাররম এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় শীর্ষ নেতাদের এই সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকে রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক ও পায়ে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক মানুষ ও রাজনৈতিক দলের সমর্থকরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে জমা হতে থাকেন।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, পল্টন মোড়, দৈনিক বাংলা ও গুলিস্তান সংলগ্ন সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। তীব্র বৃষ্টি সামলে এখনও চারদিক থেকে হাজার হাজার মানুষ মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। ঐতিহাসিক এই দিনটিতে নতুন রাজনৈতিক অঙ্গীকার ও প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন মঞ্চে উপস্থিত জোটের শীর্ষ নেতারা।