logo

পলাতক ফ্যাসিস্টরা আর কখনো দেশে ফিরতে পারবে না: আমান

পলাতক ফ্যাসিস্টরা আর কখনো দেশে ফিরতে পারবে না: আমান
আমানউল্লাহ আমান। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, গত ১৭ বছর ধরে যারা এ দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেই পরাজিত শক্তি আজ নানাভাবে আস্ফালন করছে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি-শেখ হাসিনাও কখনো আর দেশে ফিরতে পারবেন না। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনো লাভ হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর মধ্যে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭ নভেম্বর: ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে গণঅধিকার পরিষদ।

সভায় তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় একটি গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেই একটি দল ষড়যন্ত্র করছে, যাদের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন শহিদ জিয়া। যাদের একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, তারাই আজ নানা ষড়যন্ত্রে লিপ্ত।

সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বশেষ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঢুকে জ্বালাও-পোড়াও ও ভাঙচুর চালিয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি রয়েছে এবং সরকার তা পূরণের উদ্যোগ নিয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

পরাজিত শক্তির বিচার দাবি করে আমানউল্লাহ আমান বলেন, পরাজিত শক্তি আজ আস্ফালন করছে, দেশে আসার কথা বলছে। কিন্তু দেশে এসে তারা কী করবে? আমরা চাই, তারা দেশে আসুক এবং বিচারের মুখোমুখি হোক। তাদের বিচারের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবেই আগামীতে কোনো ফ্যাসিস্টকে আর দেশে ঢুকতে দেওয়া হবে না। রাজপথে নেমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভোটাধিকার প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় রাখা সবার দায়িত্ব।

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। ৭ নভেম্বর না হলে বাংলাদেশ অন্য দেশের তাঁবেদার রাষ্ট্রে পরিণত হতে পারত।

এ সময় তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমদের মন্ত্রিসভায় আওয়ামী লীগ ও বাকশালের ২১ জন সদস্য ছিলেন। অথচ পরবর্তী সময়ে জিয়াউর রহমানকে অযথা দোষারোপ করা হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাসসের সাবেক এমডি ও সম্পাদক মাহবুব মোর্শেদ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ, গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ এবং উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু প্রমুখ।