ঠাকুরগাঁওয়ের নির্বাচন নিয়ে ইসির বক্তব্যকে দায়িত্বহীন বললেন গোলাম পরওয়ার

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো তুলে ধরেন।
আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রায় ১৯টি জেলা প্রদক্ষিণ করবে এই লংমার্চ। এর মাধ্যমে সরকারের সার্বিক ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরা হবে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানানো হবে এই কর্মসূচি থেকে।
তিনি অভিযোগ করেন, সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বত্র চরম দলীয়করণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হয়নি। শুধু ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু পরিস্থিতির বাস্তব কোনো পরিবর্তন আসেনি।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের এই নেতা। নির্বাচন কমিশন সচিবের বক্তব্যকে সম্পূর্ণ দায়িত্বহীন ও অসত্য দাবি করে তিনি বলেন, ওই নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের কোনো অফিশিয়াল পরিচয় ছিল না। বহিরাগতরা একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার মতো ব্যাপক কারচুপি করেছে। আমি ভিডিও থেকে গণনা করেছি ২২টা ব্যালটে আগেই সিল মারা ছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হতে যাওয়া এই লংমার্চে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এ সময় লংমার্চে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো বাধা উপেক্ষা করে কর্মসূচির নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


