logo

বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে ওনারা বিরিয়ানি খান: জামায়াত সেক্রেটারি

বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে ওনারা বিরিয়ানি খান: জামায়াত সেক্রেটারি
জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: এশিয়া পোস্ট

বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিরোধী দলকে সামান্য কিছু টাকা দিয়ে চকলেটের মতো খুশি করা হচ্ছে, আর ক্ষমতাসীন দলের লোকজন নিজেরা বিরিয়ানি রান্না করে খাচ্ছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় সরকারের সাম্প্রতিক বক্তব্য, বিভিন্ন উপদেষ্টার মন্তব্য এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। সরকারি দলকে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে, বিরোধী দলকে তা দেওয়া হচ্ছে না। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বিএনপি সরকার তা বিরোধী দলের এমপিদের দিচ্ছে না।

তিনি বলেন, খুব হইচই বা দৌড়াদৌড়ি করলে অন্য কোনো খাত থেকে সামান্য কিছু টাকা দিয়ে বাচ্চাদের কান্না থামাতে যেমন চকলেট দেওয়া হয়, বিএনপি সরকারও সেভাবে চকলেট বিরোধী দলের এমপিকে খুশি করা হচ্ছে। আর অন্যদিকে তারা নিজেরা বিরিয়ানি রান্না করে খাচ্ছেন।

নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে অনির্বাচিত প্রতিনিধিদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সংসদ সদস্যদের ওপর সংরক্ষিত নারী আসনের একজন অনির্বাচিত সংসদ সদস্যকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হচ্ছে।

এমনকি নির্বাচিত সংসদ সদস্যের ডিও লেটারে কাজ না করে অনির্বাচিত প্রতিনিধির ডিও লেটার অনুযায়ী কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সৈয়দপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি প্রতিষ্ঠান উদ্বোধন ও নামফলক স্থাপনকে কেন্দ্র করে নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যের বিরোধের ঘটনা ঘটেছে। নির্বাচিত সংসদ সদস্য নিজের নামফলক স্থাপন করার পর ওই নারী সংসদ সদস্য সেখানে নিজের নাম না থাকার বিষয়ে আপত্তি জানান। এ নিয়ে ঝগড়ার ঘটনাও ভিডিওতে দেখা গেছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, লাখ লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসা একজন এমপি, আর দলীয় মনোনয়নে আসা অনির্বাচিত প্রতিনিধি এই দুজনকে কি এক পাল্লায় মাপা যায়? এটা কোন রাস্তা? আপনারা কি তা টের পাচ্ছেন না?