logo
Advertisement

দেশে বেশি সম্মান পাবেন হাফেজে কোরআন ও আলেমরা: সেলিম উদ্দিন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দেশে বেশি সম্মান পাবেন হাফেজে কোরআন ও আলেমরা: সেলিম উদ্দিন
হিফজুল কোরআন প্রতিযোগিতায় কথা বলছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর মিরপুরে। ছবি: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর সৌজন্যে

আগামীর বাংলাদেশে সবচেয়ে বেশি সম্মান হাফেজে কোরআন ও আলেমরা পাবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, আমরা শিশুদের মধ্যে কোরআন মুখস্থ করার উৎসাহ এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চাই।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। প্রতিযোগিতায় কাফরুল, মিরপুর, পল্লবী, দারুস সালাম ও রূপনগর থানা এলাকার প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, আমরা কোরআনিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ এবং ঘুষমুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু নানা ছলেবলে ও তদবিরের মাধ্যমে ক্ষমতায় এসে বর্তমান সরকার আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কোরআনের কথা বললে অনেক সময় মৌলবাদী, রাজাকারসহ নানা ধরনের ট্যাগ দেওয়া হয় বলে মন্তব্য করেন সেলিম উদ্দিন। তিনি বলেন, এই দেশ অসংখ্য আলেম-ওলামার দেশ। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও কোরআনের শিক্ষা ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, কোরআনের আলোকে আমরা বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব, ইনশাআল্লাহ। আগামীর স্থানীয় নেতৃত্বে ধার্মিক, সৎ, যোগ্য ও আল্লাহভীরু মানুষের নেতৃত্ব দেখতে চাই। এমন নেতৃত্বই দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রকল্পের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসীর সভাপতিত্বে এবং প্রতিযোগিতার পরিচালক মাওলানা এ এম এম কামালুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন ফোরামের উপদেষ্টা ড. রেজাউল করিম, মো. মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, নাসির উদ্দীন প্রমুখ।

প্রতিযোগিতার বিচার কাজের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবু তাহের গুলজারসহ মোট ২৮ জন বিচারক।