Advertisement
ইসলামী আন্দোলন

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতের পক্ষে সাফাই তৈরি করছে

এশিয়া পোস্ট প্রতিবেদক
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতের পক্ষে সাফাই তৈরি করছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় বয়ানের পক্ষে সাফাই তৈরি করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বুধবার (৩ মে) দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে সীমান্ত হত্যা প্রচণ্ড অস্বস্তিকর বিষয়। ভারতীয় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ আছে। বিগত ১০ বছরে প্রায় ১ হাজার মানুষ ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক হত্যা হয়, যার বেশিরভাগই বাংলাদেশি।

সীমান্ত এলাকাকে দক্ষিণ এশিয়ার হত্যার ক্ষেত্র পরিণত করা হয়েছে মন্তব্য করে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, অনেক ক্ষেত্রে নিরস্ত্র এবং অসহায় স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ডের পরিষ্কার প্রমাণ সত্ত্বেও এখন পর্যন্ত কাউকেই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়নি।

তার দাবি, ভারতীয় আধা সামরিক বাহিনী নিয়মিত হুমকি দেয়, নির্যাতন করে এবং সীমান্তে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি বেসামরিক নাগরিকদের আটক করে নির্যাতন করে। সীমান্ত এলাকায় বিএসএফ ধর্ষণ ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ভারতের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেয়নি। ফ্যাসিবাদের মন্ত্রীরাও ভারতীয়দের সঙ্গে তাল মিলিয়ে হত্যাকারীর বদলে নিহতকেই দায়ী করত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত হত্যা নিয়ে যে মন্তব্য করেছেন, তা অনভিপ্রেত জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, তার এই বক্তব্য ভারতীয় অপরাধ ও বর্বরতার পক্ষে সাফাই তৈরি করবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাই।

ভারত বরাবরই অন্যায়ভাবে সীমান্তে মানুষ হত্যা করছে জানিয়ে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব বলেন, আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়া, হাট-বাজারে বেচাকেনা করা এবং কাজ খোঁজার জন্য অনেক মানুষ নিয়মিতভাবে সীমান্ত পারাপার করে। এছাড়াও সীমান্তের শূন্যরেখার কাছে কৃষিকাজ কিংবা নদীতটে মৎস্য আহরণের জন্যও অনেক মানুষকে সীমান্তপথ অতিক্রম করতে হয়। এর মধ্যে কেউ কেউ বিভিন্ন ছোটখাট এবং গুরুতর আন্তঃসীমান্ত অপরাধেও নিয়োজিত। আমরা এই বাস্তবতা জানি। এর সমাধানে আইন আছে। কেউ অপরাধ করলে আইন অনুসারে তার যা শাস্তি হওয়া দরকার তাই হবে। কিন্তু সরাসরি গুলি করে মানুষ হত্যা করা বিশ্বের কোনো আইনেই বৈধ হয় না। ভারত বরাবরই তা করে যাচ্ছে।

সরকার ভারতের হত্যার পক্ষে সাফাই বয়ান তৈরি করছে মন্তব্য করে তিনি বলেন,

আমরা সরকারকে সতর্ক করতে চাই, সীমান্তে হত্যার বিষয়ে যদি সরকার ভারতীয় বয়ানের ওপরে আস্থা রাখে, তাহলে সরকারই মানুষের আস্থা হারাবে।