logo

গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান

গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ছবি : দৈনিক সংগ্রাম থেকে নেওয়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি গণমাধ্যমকে বলেন, এটা তো পারসোনাল বিষয়। এটা নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। তা ছাড়া গাজী নজরুল তো জামায়াতের কেউ না। ব্যক্তিগত অপরাধ বা ঘটনা তদন্তের দায় তো সরকারের। এখানে জামায়াতের কোনো বক্তব্য নেই।

এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রথম স্ত্রীসহ গাজী নজরুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া যায়, মরদেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে।

তিনি বলেন, পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে। তবে কীভাবে মারা গেছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। একপর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটি নৈতিক স্খলনের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।

পরে দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়েছে।