logo

বিএনপির শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপির শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর
নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা বলছেন চরমোনাই পীর। বুধবার পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে। ছবি: মিডিয়া সেল

বিএনপি ভালো কথা বললেও তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, বিএনপিকে মানুষ বারংবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। সরকার কোনো ধরনের পূর্বাভাস না দিয়েই রাতের আঁধারে প্রেসনোট দিয়ে তেলের দাম লিটারে বিশ টাকা করে বৃদ্ধি করেছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়বে। গণপরিবহনের ভাড়া বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাবে।

তার মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় তেলের দামে সরকারের ভতুর্কি দেওয়া উচিত।

গ্যাসের অভাবে মিল-কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ আজ ভালো নেই। আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, মাদক-সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিস্কার। অপরাধ সংগঠিত হওয়ার আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না। এমনকি অপরাধের পরে যাদেরকে আটক করা হয়, তারাও টাকার বিনিময়ে জামিনে বের হয়ে যাচ্ছে। ফলে দেশে খুন, শিশু নির্যাতন, নির্মম শিশু হত্যা বেড়েছে।

দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫টি উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়।