logo

ফিলিস্তিন মুসলিম উম্মাহর ঈমান ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত: বিরোধীদলীয় নেতা

ফিলিস্তিন মুসলিম উম্মাহর ঈমান ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত: বিরোধীদলীয় নেতা
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: বাসস

ফিলিস্তিনকে কেবল একটি ভূখণ্ড নয়, বরং মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এক পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দখলদারি ও আগ্রাসন অব্যাহত রেখে মধ্যপ্রাচ্যে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

রোববার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

Advertisement

বিরোধীদলীয় নেতা বলেন, এমন এক সময়ে এ দিবসটি পালিত হচ্ছে, যখন ফিলিস্তিনের নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে দখলদারি, আগ্রাসন, হত্যা, নির্যাতন ও চরম মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছেন। তাদের ওপর পরিচালিত এই নির্মমতা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

মসজিদুল আকসার গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এটি মুসলমানদের প্রথম কিবলা এবং মহানবী হযরত মুহাম্মদের (সা.) মেরাজের স্মৃতিবিজড়িত ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক। এই পবিত্র মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান দায়িত্ব।

গাজার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যায়িত করে তিনি বলেন, দীর্ঘদিনের ইসরায়েলি দখলদারি, অবৈধ বসতি স্থাপন, অবরোধ ও সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একটি জাতিকে তার নিজস্ব ভূখণ্ডে নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করার কোনো নৈতিক বা আইনগত ভিত্তি নেই।

সংকট সমাধানের পথ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ফিলিস্তিনি সংকটের মূল কারণ হলো দখলদারি এবং তাদের ন্যায়সংগত অধিকার অস্বীকার করা। স্থায়ী সমাধানের জন্য ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জনমত গঠনে কাজ করছে।

শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার আলোকে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পবিত্র মসজিদুল আকসার নিরাপত্তা ও মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের মুক্তি, শহীদদের শাহাদাত কবুল, আহতদের দ্রুত সুস্থতা এবং বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।