অঙ্গীকার ভঙ্গের জবাব সরকারকে দিতে হবে: জামায়াত আমির

জাতির সামনে করা অঙ্গীকার ভঙ্গের জবাব সরকারকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ রাষ্ট্র গঠন ও পরিবর্তনের লক্ষ্যে গণভোটের রায় দিয়েছিল। কিন্তু সরকার সে রায় বাস্তবায়ন করছে না। সরকারকে অনুরোধ জানাব, কালক্ষেপণ না করে জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করুন, ঐক্য হয়ে যাবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মগবাজারের আলফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, সংবিধান সংশোধন কমিটি অসাংবিধানিক কাজ করেছে। কিন্তু আমরা জুলাই সনদের ওয়াদা থেকে একচুলও নড়ব না। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান স্পষ্ট। কোনো কিছুর বিনিময়ে এই দাবি ত্যাগ করা হবে না।
তিনি বলেন, শুধু গণভোটের গণনায় নয়, শুধু জুলাই সনদ নয়, আরও অনেক মৌলিক কাঠামো ছিল, যেগুলো অগ্রাহ্য করেছে সরকার। মূল বিষয়ের উপেক্ষা করে ঐক্যের প্রয়াস চালালে তা হবে ক্ষণস্থায়ী।
তিনি বলেন, সংসদ আর আদালতের মধ্যে লুকোচুরি খেলা চলুক সেটা চাই না। এ জন্যই সংস্কার প্রয়োজন। ১১ দলকে বাধ্য করা হয়েছে রাজপথে কর্মসূচি দেওয়ার।
একটি জেলায় যেখানে সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা করা হলো, সেখানে সরকারের গভীর নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমনকি অন্য একটি দেশ বাংলাদেশ দখল করার হুমকি দিয়ে যাচ্ছেন, সরকার কীভাবে নিশ্চুপ থাকতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সংসদের বৈঠকের বক্তব্যে ঐক্যের কথা বলেছেন। এখন ঐক্যের কথা হচ্ছে, আমরা বসব তবে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে। বিদেশের সঙ্গে সব চুক্তি করার আগে সংসদে সে বিষয়ে আলোচনা করতে হবে। সকল চুক্তির ব্যাপারে জনগণকে জানাতে হবে।
এ সময় তিনি আইনশৃঙ্খলা অবনতি, মাদকের আগ্রাসন, নারী নির্যাতন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন।
পুরাতন ফ্যাসিবাদ ফিরে আসুক বা নতুন ফ্যাসিবাদ তৈরি হোক কোনোটাই জনগণ চায় না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে বললেও ক্ষমতায় গিয়ে বিচার বিভাগীয় সচিবালয় গঠন থেকে সরে এসেছে বিএনপি সরকার।


