logo

‘জাতির সঙ্গে বিএনপির বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দেবে ঠাকুরগাঁওয়ের মানুষ’

‘জাতির সঙ্গে বিএনপির বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দেবে ঠাকুরগাঁওয়ের মানুষ’
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ছবি: জামায়াতে ইসলামীর সৌজন্যে

জাতীয় নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করে বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির এ বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দেবে এবং দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ারকে নির্বাচিত করবে।’

রোববার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে এক নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটে গণরায়ের প্রতি বিএনপির অবস্থানের সমালোচনা করে মাওলানা আবদুল হালিম বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর বিএনপি সরকার গঠন করেই সেই রায় অস্বীকার করছে।”

তিনি বলেন, “নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ বললেও এখন ‘সবার আগে বিএনপি’ নীতিতে কাজ করছেন। রাষ্ট্র সংস্কারে তাদের ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা থাকলেও এখন তারা সংবিধান সংশোধনের পথে হাঁটছে, যা ফ্যাসিবাদী আওয়ামী লীগেরই অনুসরণ। যারা ফ্যাসিবাদের পথে হাঁটে, তারা ফ্যাসিবাদের সঙ্গী।”

কৃষি খাতের সংকট তুলে ধরে জামায়াত নেতা বলেন, ‘বিএনপির দলীয়করণের ফলে কৃষকেরা আজ সার পাচ্ছেন না, সারের জন্য আন্দোলন করতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে বিএনপি আবার নির্বাচিত হলে কৃষকেরা সার, বীজ বা কীটনাশক কিছুই পাবেন না, সব নেতাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়ে যাবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দাঁড়িপাল্লা বিজয়ী হলেই কৃষক বাঁচবে।’

তিনি আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ঠাকুরগাঁওকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ারকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গড়েয়া ইউনিয়ন জামায়াতের আমির নুরুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারি মনিরুজ্জামানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম ও ঠাকুরগাঁও সদর উপজেলা আমির মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় ১১-দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।