শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে ভারত হচ্ছে প্রশ্রয়, আনন্দ ও নিরাপত্তার জায়গা। তারা নিজের দেশকে নিরাপত্তার জায়গা মনে করে না। এ কারণেই শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মেডিকেল কলেজ শাখা এই সভার আয়োজন করে।
বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণে দেশের জনগণের ইচ্ছাই প্রাধান্য পেতে হবে। অন্য কোনো দেশের নির্দেশনায় বাংলাদেশ চলতে পারে না।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও পরবর্তী সময়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিল।
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট ঘটিয়ে শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে মন্তব্য করে তিনি বলে, ৭১ এর অরক্ষিত স্বাধীনতা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে সুরক্ষিত হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা, বহুদলীয় গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছিল।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল চেতনা ছিল ৭ নভেম্বর। যখনই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখনই ৭ নভেম্বরের চেতনা ও জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে এ দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে অপমান করা হয়েছিল এবং আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ সেই অপমান মেনে নেয়নি। ছাত্রসমাজের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে।
আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ, ওয়াসিম আকরাম ও আহনাফসহ সব বীর শহীদের স্মরণ করে তিনি বলেন, যাঁরা ন্যায়বিচার, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে জীবন দেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন এবং তাদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। এই আত্মত্যাগ প্রমাণ করে, এ দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়; এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।
রাজশাহী মেডিকেল কলেজের সঙ্গে নিজের পুরোনো স্মৃতিচারণ করে রিজভী বলেন, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলন শুরু হলেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হতো। তখন ছাত্রনেতারা রাজশাহী মেডিকেল কলেজের মেইন হোস্টেল ও পিংক হোস্টেলে অবস্থান করে হরতাল-অবরোধসহ বিভিন্ন আন্দোলন পরিচালনা করতেন। শিক্ষাপ্রতিষ্ঠান ভিন্ন হলেও ছাত্ররাজনীতি ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে এ কলেজ তার জীবনে স্থায়ী জায়গা করে নিয়েছে।
রিজভী জানান, এরশাদবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েই তিনি নতুন জীবন ফিরে পেয়েছিলেন। হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় তার অনেক স্মৃতি জড়িয়ে আছে উল্লেখ করে তিনি সে সময়ের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ছাত্রদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৯ সালে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। ওই বছর ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদ ছাড়া সাধারণ সম্পাদকসহ (জিএস) অধিকাংশ পদে ছাত্রদল বিজয়ী হয়েছিল। চিকিৎসক সেলিম ছিলেন সংগঠনটির প্রথম জিএস।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রীমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি মোফাখখারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি মো. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।
এ সময় মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


