আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

আলজেরিয়ার ৭২তম বিপ্লববার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে চিঠিটি হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর লা মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে আলজেরিয়ার ৭২তম বিপ্লববার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে চিঠিটি হস্তান্তর করা হয়।
ড. আবদেলওয়াহাব সাইদানি ও তার সহধর্মিণী মিসেস মেরিয়েম সাইদানি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
জামায়াত আমিরের চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার কূটনৈতিক যোগাযোগ, দু-দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর প্রমুখ উপস্থিত ছিলেন।




