logo

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
সাদিক কায়েম ও মিয়া গোলাম পরওয়ার। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছরি গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ নিন্দা জানান তিনি।

Advertisement

ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার লিখেছেন, ‘আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টের দুষ্কৃতিকারীরা ডাকসুর জনপ্রিয় ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে। তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সব সীমা অতিক্রম করছে। তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।’

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, ‘জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতারও তীব্র নিন্দা জানাই।’

তিনি লেখেন, ‘আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতাদেরকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে জানান তিনি। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে বলে সতর্ক করেন মিয়া গোলাম পরওয়ার।

অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াত সেক্রেটারি।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট