ফ্যাসিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: খেলাফত আন্দোলন

জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবিলায় দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের শহীদ আব্দুস সালাম মিলনায়তনে ‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান দলের নেতারা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বিএনপি আবারও পুরনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন শক্তিই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে।
সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, আপনাদেরকেই পরিষ্কার করতে হবে, বাহাত্তরপন্থি না আপনারা চব্বিশপন্থি? আগে আপনার কেবলা ঠিক করেন। আপনারা যদি বাহাত্তরপন্থি হন, শেখ হাসিনা গেছে যে পথে বাহাত্তরপন্থি বাংলাদেশের সব অপশক্তি যাবে সে পথে।
জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান মামুনুল হক। তিনি বলেন, বিএনপি এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন।
এ প্রসঙ্গে তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসুরী হিসেবে তিনি যদি তার বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানাতে হবে না, দলমত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাদের সহযোগিতা করবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ ও মাওলানা নেয়ামতুল্লাহ খান জাফরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র মুহাম্মদ রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন এবং এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, নতুন ধারা জনতা পার্টির আহ্বায়ক আব্দুল আহাদ নুর ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।


