সংসদে কাঁদলেন জামায়াত এমপি মাসুদ

জাতীয় সংসদে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় আনা নোটিশের আলোচনায় দাঁড়িয়ে এই বিচার চান তিনি।
সংসদে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় আমরা সবাই মিলে কথা দিয়েছিলাম। ওসমান হাদি যে কথাগুলো বলে গেছেন, প্রত্যেকটা লাইন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহাউদ্দিন আহমদের কাছে শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচারটা আপনারা নিশ্চিত করেন।
হাদির বিচারের দাবিতে তরুণদের দেওয়া একটি পাঞ্জাবি পরে সংসদে আসার কথা জানিয়ে তিনি বলেন, পাঞ্জাবিটি পরার পর তরুণদের ছলছল চোখের পানি এখনো তার চোখের সামনে ভাসছে।
তিনি বলেন, যে নোটিশটি করেছি, সেই নোটিশটি আমার কাছে আজ খুব মুখ্য নয়। নোটিশে আমি শুধু এতটুকু বলব, বাউফল শুধু নয়, বাংলাদেশ আজকে নদী ভাঙনের কবলে।






