নয়াপল্টন থেকে ৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে মানিক মিয়ার উদ্দেশে বিএনপির বর্ণাঢ্য রালি করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে ৭ কিলোমিটার রাস্তা হেঁটেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
র্যালিতে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
র্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
র্যালিটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
এর আগে র্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
ঢাকা ছাড়াও শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরে র্যালি করছে বিএনপি। পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ৮টা ২০ মিনিটের দিকে দিবসটি উপলক্ষে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তারা।
পরে রাজধানী বনানীর আর্মি স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী।


