ভালোবাসা দুই দিক থেকে আসতে হয়: সরকারি দলের প্রতি জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন বলেছেন, ৩০০ আসনের মধ্যে সরকারি দলকে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, বিরোধীদলকে তার ধারেকাছেও দেওয়া হয়নি। আসলে ভালোবাসা দুই দিক থেকে আসতে হয়। সরকারের দুটি অঙ্গ—একটি সরকারি দল, আরেকটি বিরোধী দল।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এনসিপির কার্যালয় পরিদর্শনের ইচ্ছা ছিল। জনগণের জন্য সংসদের ভেতরে ও বাইরে তারা একসঙ্গে কাজ করছেন। গত নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের কথাও উল্লেখ করে এনসিপির নেতাদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
সংসদে নারী সদস্যদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৫০ জন নারী সদস্যের সঙ্গে সমান আচরণ করা উচিত। কিন্তু বিরোধীদলের নারী সদস্যদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এভাবে একটি দেশ এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধীদল হিসেবে তারা সংসদে যথেষ্ট চেষ্টা করছেন। একই সঙ্গে গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও তা এখন মানা হচ্ছে না।
এদিকে নাহিদ ইসলাম বলেন, জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ করতেই এনসিপির কার্যালয়ে এসেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ডা. শফিকুর রহমান নিজ জায়গা থেকে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম।
সাক্ষাৎকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডা. জাহিদুর রহমানসহ দলটির আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।



