আগামী ৫০ বছর গর্বের ভিত্তি তৈরির সুযোগ রয়েছে বিএনপির: হাসনাত কাইয়ূম

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিএনপির সামনে একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তার মতে, দলটি চাইলে এমন সংস্কার বাস্তবায়ন করতে পারে, যা আগামী ৫০ বছর বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত কাইয়ূম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশাগুলো পূরণ না হওয়ার জন্য প্রধানত বিএনপি এবং পাশাপাশি জামায়াত ও এনসিপি দায়ী। তবে বর্তমানে বিএনপির হাতেই সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। জনগণ দলটিকে সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের প্রতিনিধি, এই দুই ভূমিকাতেই ম্যান্ডেট দিয়েছে।
সব ধরনের সুযোগ ও ক্ষমতা হাতে থাকার পরও যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে সেই দায় বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপিকে সংস্কারের পথ থেকে সরিয়ে দিতে বিভিন্নভাবে বিভাজন ও রাজনৈতিক শত্রুতা তৈরির চেষ্টা হচ্ছে মন্তব্য করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, এসবের ঊর্ধ্বে উঠে দলটির ঐতিহাসিক দায়িত্ব পালন করা উচিত। তার ভাষ্য, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপনের জন্য স্মরণীয় হয়ে আছেন। একইভাবে বর্তমান বিএনপির সামনেও এমন একটি গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার সুযোগ রয়েছে, যা আগামী ৫০ বছর দেশ গর্বের সঙ্গে স্মরণ করবে।
তার মতে, তারেক রহমান একজন গণতান্ত্রিক ও দায়িত্বশীল নেতা হয়ে ওঠার সম্ভাবনা রাখেন। তবে তার আশঙ্কা, আশপাশের কিছু রাজনৈতিক উপদেষ্টা বা ব্যক্তির ভুল পরামর্শে তিনি বিভ্রান্ত হতে পারেন। সঠিক রাজনৈতিক লক্ষ্য ধরে রাখতে পারলে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অন্যদিকে ভুল সিদ্ধান্ত নিলে তা দেশ এবং বিএনপি, উভয়ের জন্যই ব্যর্থতার উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন হাসনাত কাইয়ূম।





