রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে, এ হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ ১২ প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আমরা শোকাহত পরিবার, বিশেষ করে নিহত বাংলাদেশি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি।
নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, বেসামরিক জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা বরদাশতযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
মাওলানা গাজী আতাউর রহমান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত করার ওপরে জোর দেন।
দলটির মহাসচিব হতাহতের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
