প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ/১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপের বিষয়বস্তু, স্থান ও অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে শুক্রবার (২৭ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। সংলাপে এককভাবে নয়, জোটের সব দলকে নিয়ে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় বা সচিবালয়ের বাইরে নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকের প্রস্তাবও দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এশিয়া পোস্টকে এসব তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে জামায়াত আলোচনা করছে। তবে দলটি এককভাবে নয়, ১১ দলকে সঙ্গে নিয়ে যৌথভাবে সংলাপে বসতে চায়।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংলাপের জন্য নিরপেক্ষ স্থান নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে। সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে বৈঠক করার কথা জানানো হয়েছে। এ বিষয়ে শুক্রবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপেও ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার জোটের শরিক দলগুলোকে নিয়ে ইসির সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এককভাবে অংশগ্রহণ নিয়ে জোটের মধ্যে কোনো অসন্তোষ নেই বলেও জানান জামায়াতের এই মুখপাত্র।
এর আগে গত ২৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেয় এনসিপি। চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।
সংলাপ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে চিন্তা না করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি দীর্ঘমেয়াদে মোকাবিলার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি পররাষ্ট্রনীতি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে পরিচালিত না হয়।’
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সামাজিক ঐক্যের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতন ও সম্পত্তি দখলের শিকার হয়েছেন।’
এ পরিস্থিতি মোকাবিলায় সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগা, সুফি, সাংস্কৃতিক কর্মীসহ সব সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করে তাদের ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রচারণার জবাব দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।


