নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যুতে এনসিপির শোক

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকায় নরওয়ের দূতাবাসে গিয়ে দলটির পক্ষ থেকে এ শোক ও সমবেদনা জানান।
দূতাবাসে আসিফ মাহমুদকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। এ সময় এনসিপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নাভিদ নওরোজ শাহ ও আশরাফা খাতুন উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ নরওয়ের রানি সোনজা, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি গভীর শোকের সময়ে এনসিপির আন্তরিক সহমর্মিতা জানান।
তিনি বলেন, প্রয়াত রাজা পঞ্চম হারাল্ড নরওয়ের জনগণের প্রতি সেবা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্তর্ভুক্তির প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
সফরকালে নরওয়ের দূতাবাসে রাখা শোকবইয়েও স্বাক্ষর করেন আসিফ মাহমুদ। শোকের এ সময়ে তিনি নরওয়ের জনগণের প্রতি এনসিপির শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন।



