logo

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক
স্বপন ভট্টাচার্য। ছবি: বাসস

রাজধানীর গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২-এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

Advertisement

স্বপন ভট্টাচার্যকে কোন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন ভট্টাচার্য। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিকে, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করে খুলশী পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগং সিনিয়রস ক্লাব লিমিটেড’-এ অভিযান চালায় পুলিশ। পেশাগত জীবনে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি ডা. সেলিম আকতার চৌধুরী ওই ক্লাবটির নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এশিয়া পোস্টকে জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান এখনও চলমান। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।