Advertisement

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ও গণজমায়েত

এশিয়া পোস্ট ডেস্ক
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ও গণজমায়েত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি প্রতিবাদী মিছিল নিয়ে তারা টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা প্রদানে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

সমাবেশ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।