প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক কাল, থাকবেন চার নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।
অনুষ্ঠিত হতে যাওয়া এই সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন, কারা কারা বৈঠকে অংশ নেবেন।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে আছেন। সেখান থেকে দেশে ফিরলে দলটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর একে একে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।




