
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনার সেই রেশ এখনো কাটেনি। এরমধ্যে সম্প্রতি বিএনপির এক সংসদ সদস্যসহ (এমপি) কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর, থানাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে দুই ব্যাটালিয়ন (৫৮ প্লাটুন) বিজিবি মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতেও গোপালগঞ্জ যাওয়ার কথা ভাবছে এনসিপি। প্রশাসনের উচ্চপর্যায়ের ‘সম্মতি’ পেলে ডিসেম্বরেই জেলাটিতে সমাবেশ করবেন বলে জানা গেছে।
সূত্রমতে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী ৩৯ দিনের ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে জোরাল প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ইতোমধ্যে দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আংশিক শিডিউল প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটি। কর্মসূচি থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করাসহ সুনির্দিষ্ট পাঁচ দাবি জানানো হবে।
এনসিপি জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গেও একাত্ম হয়ে কর্মসূচি পালন করবে এনসিপি। একইসঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের শর্তে প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় ঐক্যের আহ্বানেও ইতিবাচক সাড়া দেওয়ার পরিকল্পনা তাদের।
বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এশিয়া পোস্টকে বলেন, ‘৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঠিক করা হয়েছে। সারা দেশের পূর্ণাঙ্গ শিডিউল রোববারের (২২ নভেম্বর) মধ্যে ঠিক করা হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’
কর্মসূচিতে গোপালগঞ্জ রাখা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার বলেন, ‘অবশ্যই। দেশের সব জেলায় ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। গোপালগঞ্জে যেহেতু একটা বিশেষ পরিস্থিতি চলছে, সব কিছু বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, থানা নেই। তাই ৫ ডিসেম্বরের পর আমরা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলব। তারা যদি বলে পরিস্থিতি স্বাভাবিক আছে, তাহলে আমরা ওখানে সমাবেশ করব।’
পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সারোয়ার তুষার।
এর আগে, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত এ আয়োজনে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে দুপুরের দিকে প্রথমবার হামলা চালানো হয়। সমাবেশ শেষ করার পর দ্বিতীয় দফায় ভাঙচুর ও বোমা হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও হামলার মুখে পড়ে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতৃবৃন্দ। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে তারা গোপালগঞ্জ ছাড়েন। এ সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে চারজন নিহত হন। এরপর গোপালগঞ্জে আর রাজনৈতিক কর্মসূচি দেয়নি এনসিপি।
৫ দাবিতে এনসিপির কর্মসূচি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি জানান, ৫ দাবিতে দেশব্যাপী এনসিপির বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবিগুলো হলো, সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।
ঐক্যের শর্ত গণভোটের রায় বাস্তবায়ন
এনসিপির সদস্যসচিব সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যে কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।’
গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করতে হবে বলেও জানান আকতার হোসেন।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আখতার হোসেন আরও বলেন, ‘গোপালগঞ্জে আপনারা দেখেছেন থানায় হামলা করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মহড়া দিচ্ছে। মানুষের ওপর হামলা করছে। আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস করেছে আওয়ামী লীগ।’
প্রথম কর্মসূচি চট্টগ্রামে
এশিয়া পোস্টের কাছে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের প্রাথমিক সিডিউলের কথা জানান সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আগামী ২৩ নভেম্বর চট্টগ্রাম মহানগর ও জেলা; ২৪ নভেম্বর সিলেট মহানগর ও জেলা; ২৫ নভেম্বর বরিশাল মহানগর ও জেলা; ২৬ নভেম্বর খুলনা মহানগর ও জেলা; ২৭ নভেম্বর গাজীপুর মহানগর ও জেলা; ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর ও জেলা; ২৯ নভেম্বর রাজশাহী মহানগর ও জেলা; ৩০ নভেম্বর বগুড়া মহানগর ও জেলা; ১ ডিসেম্বর রংপুর মহানগর ও জেলা; ২ ডিসেম্বর কুমিল্লা মহানগর ও জেলা; ৩ ডিসেম্বর ময়মনসিংহ মহানগর ও জেলা এবং ৪ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’
এদিকে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হলো।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিজিবি সদরদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েনকৃত এক ব্যাটালিয়ন (২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন (২৬ প্লাটুন) বিজিবি মোতায়েন শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।







