logo

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন’

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন’
বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: যমুনা টিভি

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সরকার তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ’ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে।’

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Advertisement

মো. আসাদুজ্জামান বলেন, ‘গণহত্যা করে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। অথচ এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই।’

সাম্প্রতিক সময়ের সংঘাতের বিষয় তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল সরকার তাদের মতোই গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।’

এর আগে অনুষ্ঠানে তিনি বলেন, ‘গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, সেজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।’

আইনমন্ত্রী অভিযোগ, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই এখনো ফেরেননি। অনেকের স্বজন এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, প্রিয়জন যেন ফিরে আসেন।

তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের উত্থান ঘটবে, তা তারা বুঝতে পারেননি। ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ নামে চালানো হয়েছিল।”

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট