logo

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিসৌধে পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিসৌধে পরিচ্ছন্নতা কর্মসূচি
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। ছবি : ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কোনো পারিশ্রমিক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তারা এ কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নিয়ে সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

Advertisement

কর্মসূচিতে অংশ নেওয়া নুরুল হক জানান, শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, নিজের আগ্রহ ও ভালোবাসা থেকেই তিনি এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করার অভিজ্ঞতাকে তিনি ঈদের আমেজের সঙ্গে তুলনা করেন।

আরেক অংশগ্রহণকারী শেখ নয়ন বলেন, সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগে অংশ নিতে পেরে তার ভালো লাগছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।