শেখ মুজিবসহ সাংস্কৃতিক নেতাদের ছবি সরিয়ে সারদা হলে জাসাসের তালা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র সারদা স্মৃতি ভবনের সিটি করপোরেশন সাংস্কৃতিক কমপ্লেক্সে তালা দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা। এ সময় হলের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমানসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাদের ছবির ফ্রেম সরিয়ে ফেলা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা হলে তালা দেন।
সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর গণমাধ্যমের কাছে জাসাস নেতারা অভিযোগ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সংগঠনটির দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত জোটকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে ওই হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাদের গোপন সভা হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। রোববার (১৫ নভেম্বর) রাতে সেখানে আবারও জড়ো হওয়ার প্রস্তুতির খবর পেয়ে সোমবার দুপুরে তারা হলে যান।
জাসাস নেতারা বলেন, হল থেকে শেখ মুজিবের ছবিসহ তাদের ভাষায়, ‘ফ্যাসিস্টদের দোসরদের’ ছবি সরিয়ে তালা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তাই হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসক নেবেন।
এ সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর তীরে অবস্থিত সারদা হল। এটি নগরীর প্রথম দিকের ঐতিহ্যবাহী সংস্কৃতিমঞ্চ বা অডিটোরিয়াম হিসেবে পরিচিত। ১৯৩৬ সালে সিলেটের একটি ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবার কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউটের আদলে ৩৯ শতাংশ জমির ওপর হলটি নির্মাণ করে।
প্রতিষ্ঠার পর থেকে নাটক, সংগীতসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল হলটি। তবে দীর্ঘদিন সিলেট সিটি করপোরেশনের অধীনে বিভিন্ন কাজে ব্যবহৃত হওয়া এবং সংস্কারের অভাবে একপর্যায়ে এটি সাংস্কৃতিক কর্মীদের নাগালের বাইরে চলে যায়।

