ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি

ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
রোববার (১৫ নভেম্বর) পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা চ্যানেল ২৪-কে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যানসার হসপিটালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন।
ফাইনালে টস হেরে বা প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চ্যানেল ২৪। দলের পক্ষে সজীব ১৬ ও শুয়েব রেদুয়ান ৯ রান করেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট তুলে নেন ছেরাজুল মুস্তাহেদিন।
জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাজহারুল ইসলাম। এ ছাড়া ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।
এর আগে দিনের দুটি সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে ওঠে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী এবং নির্বাহী সদস্য মো. নঈমুদ্দীন, আলী আজম ও সুমন চৌধুরী।