পা পিছলে পুকুরে তলিয়ে গেল দুই বন্ধু, বাঁচল রিফাত–ফিরল না জোনায়েদ

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল ছোট্ট জোনায়েদ। হয়তো গোসল শেষে বন্ধুদের সঙ্গে হাসিমুখে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু কে জানত, সেই গোসলই হবে তার জীবনের শেষ গোসল।
পানিতে তলিয়ে নিভে গেল ১০ বছরের শিশুটির প্রাণ। দীর্ঘ খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোনায়েদ খালাসি (১০) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ওবায়দুল খালাসির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও জোনায়েদের বন্ধু রিফাত আলী জানায়, দুপুরে পাঁচ বন্ধু মিলে তারা গোসল করতে বাড়ি থেকে বের হয়। পরে দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ পুকুরে তারা গোসল করতে নামে। এ সময় পুকুরের পাড় থেকে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় জোনায়েদ ও রিফাত। অন্য বন্ধুরা চেষ্টা চালিয়ে রিফাতকে উদ্ধার করতে পারলেও জোনায়েদের কোনো খোঁজ পায়নি।
এরপর শুরু হয় পুকুরে খোঁজাখুঁজি। স্থানীয়দের সহায়তায় পানিতে তল্লাশি চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরাও। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় জোনায়েদকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় জোনায়েদের মৃত্যু হয়েছে।
এদিকে শিশু জোনায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
