logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কয়েকজনকে শীর্ষ নেতাকে দেখা গেছে।

দলটির অভিযোগ, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছেন।

এর আগে দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে সাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কিছু যুবক পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। পরে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছেন। তারা ডিম নিক্ষেপ করেছেন। এতে আমাদের তিন-চারজন আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাইবো। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলার এরকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।