logo

বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান

বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান
শুক্রবার রাজধানী ভাটারায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শুরা বৈঠকে কথা বলেন গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

বিচার ব্যবস্থার প্রতি মানুষের গণ-অনাস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় রাজধানী ভাটারায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শুরা বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, ‘বাংলাদেশ অন্তত দুইবার স্বাধীনতা অর্জন করেছে। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ হটিয়ে স্বাধীনতা এবং ১৯৭১ সালে পাকিস্তানের অপশাসন থেকে স্বাধীনতা। কিন্তু আক্ষেপের বিষয় হলো, আমাদের দণ্ডবিধি ও বিচার ব্যবস্থা আজও সেই ঔপনিবেশিক আদলে থেকে গেছে।

তার মতে, ঔপনিবেশিক আইন অপরাধীর জন্য সুযোগ তৈরি করেছে। বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস তৈরি করেছে।

গাজী আতাউর রহমান বলেন, দেশে ধর্ষণের বিচার হয় না বললেই চলে। দেড় লাখ মামলা ঝুলন্ত আছে।

তার দাবি, বিচারহীনতার এই সংস্কৃতিই বাংলাদেশকে নারীদের জন্য মধ্যযুগীয় ইউরোপীয় নিরাপত্তাহীনতায় নিপতিত করেছে।

রামিসার সঙ্গে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগকে কার্যকর করতে হবে। আইনকে সক্রিয় হতে হবে। জনপ্রত্যাশাকে সম্মান দেখিয়ে বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতি ফয়জুল্লাহ, আলহাজ মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, আলহাজ আমীরুল হক, হাম্মাদ বিন মোশাররফ, মাহবুব ইসলাম, এইচ এম ইকবাল, ডা. মুজিবুর রহমান, শরীফুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান, মুফতি আরমান হোসাইন প্রমুখ।