বিএনপি সরকার শুধু মুক্তিযোদ্ধাদের বিরোধী নয়, চেতনারও বিরোধী: ড. মাসুদ

কারাগার থেকে মুক্তি পেয়ে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করার পর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এই সরকার মুক্তিযোদ্ধাদের শুধু বিরোধী নয়, তারা মুক্তিযুদ্ধের চেতনারও বিরোধী।’
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মেজর (অব.) আখতারুজ্জামান। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, উচ্চ আদালতে জামিন পাওয়ার পরও সরকার তার জামিন ঠেকিয়ে রাখতে এবং তাকে কারাগারে আটকে রাখতে চেম্বার জজ আদালতে আপিল করেছিল। সরকারের এমন আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার প্রতি সরকারের আচরণে প্রমাণিত হয়েছে, তারা শুধু মুক্তিযোদ্ধাদের বিরোধী নয়, মুক্তিযুদ্ধের চেতনারও বিরোধী।
তিনি আরও বলেন, ‘আজ আমরা আনন্দিত। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক, যিনি জনগণের পক্ষে এবং প্রবাসী ভাই-বোনদের পক্ষে কথা বলেছেন, তার মুক্তিতে আমরা আনন্দিত।’
বিমানবন্দরে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

