logo

বিজয়ের মাসে উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাসে উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি
বিএনপির লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Advertisement

রুহুল কবির রিজভী জানান, বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভা করা হয়েছে। সভায় দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা, অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিব এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।

তিনি বলেন, আমরা পয়লা ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি বড় সমাবেশের মাধ্যমে করতে চাই। আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আমাদের আজকের এই প্রস্তুতি সভা।

সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখনো সহিংসতার পথ থেকে সরে আসেননি। তাঁর নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এরই মধ্যে নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে কৃষক দলের দুজন রয়েছেন। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, তারেক রহমান দেশ পরিচালনায় যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছেন, সেটিকে কলঙ্কিত করার জন্যই বিভিন্নভাবে অপচেষ্টা চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটত; গত ১৭ বছরে মানুষ যার নমুনা দেখেছে। বর্তমান সরকারের আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ সমালোচিত হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের আন্দোলনের প্রশংসা করেছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠনের বিষয়টি তুলে ধরেছেন।

প্রতিবেশী দেশের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে বাংলাদেশের মানুষ কোনো আপস করবে না।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের অহংকারের মধ্যে রয়েছে আমাদের স্বাধীনতা, আমাদের গর্বের মধ্যে আমাদের সার্বভৌমত্ব। এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না; কোনো আধিপত্যবাদী শক্তি এখানে আধিপত্য বিস্তার করতে পারবে না।