Advertisement

গ্যাস-বিদ্যুতের ন্যায়সংগত দাবিকে হঠকারিতা বলা হচ্ছে: নাহিদ ইসলাম

এশিয়া পোস্ট ডেস্ক
গ্যাস-বিদ্যুতের ন্যায়সংগত দাবিকে হঠকারিতা বলা হচ্ছে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি: পুরোনো

দেশে মতপ্রকাশের স্থান ক্রমশ ছোট হয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Advertisement

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো হলেও সেটিকে হঠকারিতা আখ্যা দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করছি, গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, তখন সেটাকে হঠকারিতা বলা হচ্ছে। সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে ঠিকই, তবে এই সুযোগ কত দিন টিকে থাকবে তা আমরা কেউ জানি না। ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। এই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। বিরোধী দল সংসদে এবং সংসদের বাইরে—সবখানেই কথা বলবে।

তিনি আরও জানান, গণতান্ত্রিকভাবে যখন আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে হঠকারিতা বলা হচ্ছে, বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না।

এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে বিরোধী দল রাজপথে নামলে সেটিকে বাস ভাঙচুরের সঙ্গে মিলিয়ে যদি মামলা বা গ্রেপ্তারের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়, তবে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত আশঙ্কাজনক।

নাহিদ ইসলাম মন্তব্য করেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে, আর সাংবাদিকদের দায়িত্ব হবে কোনো চাপ বা পক্ষপাত ছাড়া সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা।

অনুষ্ঠানে চব্বিশের জুলাই আন্দোলন এবং তার পরবর্তী সময়ে মাঠপর্যায়ে কাজ করার নানা অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকেরা।