logo

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বের আলোচনায় মোনায়েম মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বের আলোচনায় মোনায়েম মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্ভাব্য নেতৃত্ব ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা চলছে, তখন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নাম সামনে আসছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি এখন দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রতিটি ধাপেই ছিল সক্রিয়তা, কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং মাঠমুখী নেতৃত্বের ছাপ।

আব্দুল মোনায়েম মুন্না বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি যুবদলের সহসভাপতি থাকাকালীন সময়ে বরিশাল বিভাগের টিম লিডার হিসাবে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হন। 

দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের নেতৃত্বে থাকাকালে আব্দুল মোনায়েম মুন্না সংগঠন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল সক্রিয় অংশ নেয় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মসূচি আরও শক্তিশালী হয়। সাম্প্রতিক আন্দোলনগুলোতে তার সরাসরি উপস্থিতি ও নেতৃত্ব কর্মীদের মধ্যে তাকে গ্রহণযোগ্য করে তোলে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় রামপুরা, মালিবাগ ও শান্তিনগর এলাকায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। কঠিন পরিস্থিতিতেও কর্মীদের পাশে থাকা ও সাহসিকতার সঙ্গে কর্মসূচি পরিচালনার কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

এ ছাড়া রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলায় জড়িত হয়ে কারাবরণও করতে হয়েছে তাকে, যা বিএনপির রাজনীতিতে তার সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করেন বিশ্লেষকরা। এসব প্রতিকূলতা তার রাজনৈতিক পথচলাকে থামাতে পারেনি; বরং আরও দৃঢ় করেছে তার অবস্থান।

দলের অভ্যন্তরে মুন্না ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে পরিচিত। ব্যক্তিগতভাবে সাদামাটা জীবনযাপন, সংগঠনের প্রতি নিবেদন এবং কর্মীবান্ধব মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতো গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বে এমন একজন সংগঠককে দেখতে চান দলের অনেক নেতাকর্মী। তবে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব কাকে দায়িত্ব দেয়, সেটিই এখন দেখার বিষয়। তবুও বর্তমান প্রেক্ষাপটে আব্দুল মোনায়েম মুন্না যে দক্ষিণ বিএনপির নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন, তা বলাই যায়।